🏠︎ » চিকিৎসা » ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের

ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার কামড় থেকে সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে ঘরের ভেতর ও আশপাশে ফুলের টব, ভাঙা প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার, এয়ার কন্ডিশনার ও ফ্রিজের নিচে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশন জানায়, এডিস মশা পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। তাই অব্যবহৃত পাত্র উল্টে রাখা, পানি সংরক্ষণের পাত্র ঢেকে রাখা এবং নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে মশার প্রজননস্থল কমানো সম্ভব। পাশাপাশি দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং শরীর ভালোভাবে ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

মশার কামড় থেকে সুরক্ষায় ত্বকে মসকুইটো রিপেলেন্ট বা মশা তাড়ানোর ক্রিম ও স্প্রে ব্যবহার করা যেতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি। ঘরে অ্যারোসল বা কয়েল ব্যবহারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, তীব্র জ্বর, চোখের পেছনে ব্যথা, মাথাব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ, বিশেষ করে অ্যাসপিরিন ও আইবুপ্রোফেনজাতীয় ওষুধ সেবন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি বেঙ্গল প্রতিদিনকে বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, আমাদের সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

ডেঙ্গু হলে বা এর উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত পানি, ডাবের পানি, খাবার স্যালাইন ও পুষ্টিকর তরল খাবার গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে মশামুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সচেতনতামূলক বার্তা—“সচেতনতাই হোক আমাদের প্রধান হাতিয়ার“

আরও পড়ুন

সর্বশেষ