নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা ছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ স্বাস্থ্য পরীক্ষা করাতে তিনি মালয়েশিয়া গেছেন। পরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।