ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন মো. রফিকুল ইসলাম (৫৪) ও কয়েদি আব্দুর রহিম (৬০)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃত দুই কারাবন্দির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাজাপ্রাপ্ত বন্দি মো. রফিকুল ইসলাম। পরে সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পত্রনবিশ গ্রামে। তার বাবার নাম মো. রজব আলী। তিনি উলিপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
অন্যদিকে, একই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত কারাবন্দি আব্দুর রহিম (৬০)। সোমবার সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আব্দুর রহিমের বাসা ঢাকার শ্যামপুরের গেন্ডারিয়ায়। তার বাবার নাম মৃত আব্দুর করিম। তিনি একটি অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে বৃষ্টি বেগম।