সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। পথে চিকনাগুল গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নুসরাত জাহান তাসনিমের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মোহাম্মদ জাকির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি পুলিশের জিম্মায় রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।