🏠︎ » শিক্ষা » আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে হিফজ বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। তার এই অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল হয়েছে।

পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কোরআন শিক্ষার্থীরা অংশ নেন। এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণ ছিল প্রতিযোগিতাটির ৪৬ বছরের ইতিহাসে অন্যতম বড় আয়োজন।

আয়োজকদের মতে, মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর মর্মার্থ অনুধাবন এবং কোরআনচর্চায় উৎসাহিত করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের হাফেজদের সম্মাননা ও তাদের মেধার মূল্যায়নেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগ রাখা হয়। নারী বিভাগের সমাপনী অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। আর পুরুষ বিভাগের সমাপনী ও মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের মূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারমূল্যের আয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ