সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহপরিচারিকা মালু বেগম (৭৬)।
পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে তিনজনকে হত্যার ঘটনা হিসেবে তদন্ত করছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, ঘটনার সময় বাসাটিতে বিদ্যুৎ ছিল না। ফলে বাসার সিসিটিভি ক্যামেরাগুলোও সচল ছিল না। এ কারণে ঘটনার আগে বা পরে কারা বাসায় প্রবেশ কিংবা বের হয়েছেন, তা সরাসরি বাসার ক্যামেরার ফুটেজ থেকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তবে বিদ্যুৎ চলে যাওয়ার আগেই কেউ বাসায় প্রবেশ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্যও যাচাই করা হবে।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো ছুরি বা অস্ত্র উদ্ধার হয়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত, আশপাশের সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের পর হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।