চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন শুনানিতে ডনের আইনজীবী দাবি করেন, তিনি মামলার এজাহারভুক্ত আসামি নন এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। তাই তাঁকে জামিন দেওয়ার আবেদন করা হয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, মামলার অপর এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডনের নাম এসেছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন আশরাফুল হক ডন। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পরদিন, ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও মামলায় আসামি করা হয়েছে।