🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » মাসকান্দা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে নোংরা পরিবেশ, ভোগান্তিতে যাত্রীরা

মাসকান্দা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে নোংরা পরিবেশ, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ইউনাইটেড বাস কাউন্টারের পেছনে অবস্থিত টয়লেটটি ব্যবহার করতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত নেওয়া হলেও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত সেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে।

যাত্রীদের অভিযোগ, টয়লেটটি নিয়মিত পরিষ্কার করা হয় না। সেখানে টিস্যু, সাবান কিংবা হ্যান্ডওয়াশের কোনো ব্যবস্থা নেই। টয়লেটের একমাত্র বেসিনটিও কয়েক বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে টাকা দিয়েও যাত্রীদের বাধ্য হয়ে অপরিচ্ছন্ন পরিবেশে টয়লেট ব্যবহার করতে হচ্ছে।

বিশেষ করে নারী যাত্রীদের জন্য পরিস্থিতি আরও বিব্রতকর। পাবলিক টয়লেটটিতে নারীদের জন্য পৃথক কোনো টয়লেটের ব্যবস্থা নেই। দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মাসকান্দা বাসস্ট্যান্ড ময়মনসিংহ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বাস যোগাযোগকেন্দ্র। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক যাত্রী এ বাসস্ট্যান্ড ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ এই স্থাপনার পাবলিক টয়লেটের এমন অব্যবস্থাপনা ময়মনসিংহের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন থেকে ইজারা নেওয়া সংশ্লিষ্টরা টয়লেট ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার প্রয়োজনীয় শর্ত যথাযথভাবে পালন করছেন না। এ বিষয়ে কথা বলতে গেলে সিটি করপোরেশন বা প্রশাসককে ঘিরে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় যাত্রী ও সচেতন নাগরিকরা বলছেন, জনসাধারণের কাছ থেকে টয়লেট ব্যবহারের জন্য অর্থ নেওয়া হলে তার বিনিময়ে ন্যূনতম পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নারী যাত্রীদের জন্য পৃথক টয়লেট, পর্যাপ্ত পানি, সাবান, হ্যান্ডওয়াশ ও টিস্যুর ব্যবস্থা করা প্রয়োজন।

এ বিষয়ে দ্রুত সরেজমিন পরিদর্শন করে ইজারার শর্ত যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ