🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ভারতের তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরে কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

ভারতের তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরে কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এবং একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ মাস আগে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সূতী থানার এক তরুণীর সঙ্গে মেহেদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, গত ৬ জুলাই থেকে ওই তরুণী মেহেদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ক্ষুব্ধ হয়ে মেহেদী তরুণীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও তার পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পাঠাতে শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে একটি ভিডিও ইনস্টাগ্রামেও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী তরুণীর আইনজীবী ভাই ভারতের সূতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের কপি, হুমকির তথ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট নথি ই-মেইলের মাধ্যমে জামালপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়।

গত ১৭ জুলাই ই-মেইল পাওয়ার পর বিষয়টি তদন্তে নামে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তদন্ত শেষে মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ডিজিটাল আলামত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ