স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
আদালতে জাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়। এরও আগে ১৮ জুন আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ২১ জুন তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ অভিযোগের ভিত্তিতেই জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়।
উল্লেখ্য, জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।