চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভাটি শুরু হয়। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত নয় দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। ওই দিন আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
গত বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের পর আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে নয় দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।