🏠︎ » সর্বশেষ » ধর্ম » ইসলামিক জীবন » ১৮ দিন পর খুলল শাহজালালের মাজারের দানবাক্স, মিলল চার বস্তা টাকা; চলছে গণনা

১৮ দিন পর খুলল শাহজালালের মাজারের দানবাক্স, মিলল চার বস্তা টাকা; চলছে গণনা

১৮ দিন পর আবারও খোলা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাজারের তিনটি দানবাক্স ও একটি ডেগ খোলা হয়। সেখান থেকে চার বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া টাকা গণনার কাজ সন্ধ্যা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টাকা গণনার কাজে মাজার কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন।

এর আগে, ৭০০ বছরের প্রচলিত প্রথায় পরিবর্তন এনে দানবাক্স সিলগালা করার পর গত ২২ জুন প্রথমবার তা খোলা হয়। সেদিন গণনায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া যায়। মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলম এ উদ্যোগ নেন। পরে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তাকে প্রত্যাহার করা হয়।

শনিবার দ্বিতীয়বারের মতো দানবাক্স খোলার সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী কয়েসসহ প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এবারের অর্থ গণনা পরিচালিত হচ্ছে। গণনা শেষে দানবাক্সে পাওয়া অর্থের সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ