🏠︎ » সারাদেশ » রংপুর » ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে তালা

ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে তালা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউএনও কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে যায়। সেখানে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানোর পর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেও অবস্থান নেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও স্বচ্ছতা অনুসরণ করা হয়নি। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলেও তারা দাবি করেন।

তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বর্তমান ফলাফল বাতিল করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, উপকারভোগী শনাক্তকরণ এবং সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াই বিতর্কিত হতে পারে। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মতিয়ার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার ভূমিকা তদন্তের পাশাপাশি তাদের অপসারণ দাবি করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কথিত ‘অবৈধ নিয়োগ’ বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি।

তিনি বলেন, তার জানা মতে নিয়োগে কোনো অনিয়ম হয়নি। যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করা হয়েছে। ছয়টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

ইউএনও আরও বলেন, কারও কোনো অভিযোগ থাকলে তা সরাসরি জানানো যেত। অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল।

আরও পড়ুন

সর্বশেষ