তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ (ফুলপুর) প্রতিনিধি :
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো ফুলপুরে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হোসেনপুর কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্যা আবু সাইদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রয়োজনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রশিক্ষক মো. আছাদুল্লাহিল গালিব, পৌর দলনেতা মুশিউর রহমান মুন্না, ইউপি দলনেতা এবং তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি। এ সময় কলেজের শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোল্যা আবু সাইদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক।
উল্লেখ্য, কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সটি মোট ১০ কার্যদিবস ধরে অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা এ ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা, শৃঙ্খলা, মৌলিক নিরাপত্তা ও সেবামূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।