🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

হলের প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ মিছিলে অংশ নিতে যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে হল থেকে বের হন। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় ও হুমকি-ধমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফেরার সময় দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মেজবাউল হক মিজু অভিযোগ করেন, তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালান। তিনি বলেন, আমরা ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল শেষে ফিরছিলাম। তখন তাদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তায়েফ মাহমুদ ও সিফাতসহ সোহরাওয়ার্দী হলের ২০-৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০-৫০ জন এ হামলায় অংশ নেয়।

মিজু আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এ সময় তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। তিনি বলেন, ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা এই ঘটনায় দায় এড়াতে পারবেন না।

অন্যদিকে, মিজুর অভিযোগ অস্বীকার করেছেন যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ। তাঁর দাবি, মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাইলে মিজুর অনুসারীরা প্রথমে তাঁদের ওপর হামলা চালান। এতে সিফাতসহ তাঁদের পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন।

তায়েফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। মিজু বিষয়টি হল পর্যায়ের সংঘাতে রূপ দিতে চেয়েছেন। ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের বৈঠকে উসকানির প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা জানতে চাওয়া হলেও হামলা হয়েছে। এতে সিফাত মাথায় গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, একটি পক্ষ সাংগঠনিক পদ ব্যবহার করে ছাত্রদলের মধ্যে বিভাজন সৃষ্টি ও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতাসহ নানা প্রশ্ন রয়েছে। আমরা কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে, বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, “হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কিছু সংশ্লিষ্ট ব্যক্তি আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। তারা ছাত্রলীগকে সামনে আনার চেষ্টায় এসব অভিযোগ করছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সিসিটিভি ফুটেজ যাচাই না করলে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ