🏠︎ » সারাদেশ » ঢাকা » শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রতিবেদক ||এম.এ মান্নান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহতরা হলেন-করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনার চিত্র

জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভারে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয় এবং চারজন আহত হন।

দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

দায়িত্ব পালনরত অবস্থায় তিন বিমানবাহিনী সদস্যের মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে স্বজন ও সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ