নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী’ ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন নওগাঁ জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার সুবিধার্থে ইমন জননী ছাত্রাবাসের একটি ডাবল রুমে একাই বসবাস করতেন। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ থাকলেও শুক্রবার রাতে তিনি পরিবারের কারও সঙ্গে কথা বলেননি। এতে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার এক মামা ছাত্রাবাসে যান।
সেখানে গিয়ে তিনি ইমনের কক্ষের দরজায় বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে ছাত্রাবাসে থাকা অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে কক্ষের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বেঙ্গল প্রতিদিন-কে বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।