ময়মনসিংহ অফিস:
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় ও জেলা পর্যায়েও খেলাধুলায় রয়েছে বিদ্যালয়টির সুনাম। তবে দীর্ঘদিন ধরেই একটি মানসম্মত খেলার মাঠের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের অনুশীলন ও অন্যান্য খেলায় অংশগ্রহণ।
১৯৯৩ সালে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। শুরু থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দেওয়া হয়। বড় মাঠ না থাকলেও ছোট পরিসরের একটি মাঠে কাবাডি অনুশীলন করে জাতীয় পর্যায়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া অসংখ্যবার রানার্সআপ হওয়ার পাশাপাশি স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেছে তারা। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে কাবাডি ও হাডুডু খেলায় শতাধিক ট্রফি জিতেছে।
তবে বিদ্যালয়ে কোনো মানসম্মত খেলার মাঠ নেই। বর্তমানে যে ছোট মাঠটি রয়েছে, তার মাঝখান দিয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক চলে গেছে। ওই সড়ক দিয়ে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের খেলাধুলা ও অনুশীলন করতে হয়। মাঠের অভাবে কাবাডির পাশাপাশি ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলার অনুশীলনও সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীরা জানান, জাতীয় পর্যায়ে সাফল্য ধরে রাখতে হলে একটি নিরাপদ ও মানসম্মত খেলার মাঠের বিকল্প নেই। মাঠ থাকলে তারা আরও ভালোভাবে অনুশীলন করে বিভিন্ন খেলায় অংশ নিতে পারবে।
এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুজাহারুল হক মজাহার বেঙ্গল প্রতিদিন-কে বলেন, আমরা এলাকাবাসী অনেক কষ্ট করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। যে বিদ্যালয় বারবার জাতীয় পর্যায়ে সাফল্য এনে দিচ্ছে, সেখানে একটি আধুনিক খেলার মাঠ থাকা জরুরি। এতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।
বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জাতীয় পর্যায়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কিন্তু নিজস্ব মাঠ না থাকায় নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেন একটি খেলার মাঠ তৈরি করে দেন।
অনেকটা দুঃখ প্রকাশ করেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক বেঙ্গল প্রতিদিন-কে বলেন, কাবাডিতে চারবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম অর্জন করেছে। কিন্তু উপযুক্ত মাঠের অভাবে খেলাধুলার কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এই বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বেঙ্গল প্রতিদিন-কে বলেন, বিদ্যালয়টির খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে মাঠের মাঝখান দিয়ে সড়ক চলে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। বিষয়টি সমাধানে বাউন্ডারি দেয়াল নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত একটি নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নির্মাণ করা হলে জাতীয় পর্যায়ে বিদ্যালয়টির সাফল্যের ধারা আরও এগিয়ে যাবে।