চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন। এগুলো হলো অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েবসাইটে ফল দেখার নিয়ম
অনলাইনে ফল দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের নির্ধারিত educationboardresults.gov.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার ধরন হিসেবে SSC/Dakhil নির্বাচন করতে হবে।
পরীক্ষার বছর হিসেবে ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার পদ্ধতি
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে SSC লিখে একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
SSC DHA 123456 2026
মেসেজ পাঠানোর পর ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
দাখিল পরীক্ষার্থীদের জন্য
দাখিল পরীক্ষার্থীদের এসএমএসে ফল জানতে নির্ধারিত ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে। উদাহরণ:
Dakhil MAD 123456 2026
এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবেও ফলাফল মোবাইলে পৌঁছাতে পারে।
কারিগরি শিক্ষার্থীদের জন্য
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদেরও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এজন্য লিখতে হবে—
SSC TEC 123456 2026
এরপর ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট সেকশনে প্রবেশ করতে হবে। সেখানে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখা বা রেজাল্ট শিট সংগ্রহ করা যাবে।
ফলে ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী অনলাইন, এসএমএস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট—এই তিন পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।