🏠︎ » রাজনীতি » ‘রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে’: পাপিয়া

‘রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে’: পাপিয়া

বিএনপির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে বলেছেন, ‘রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানে পাঠানো হবে।’

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে পাপিয়া বলেন, ‘নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা।’

দলটির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘খাসির মাংস খাবে বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দেন। জামায়াতে ইসলামীর মধ্যে ইসলামের কোনো নমুনা নেই।’

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে পাপিয়া বলেন, ‘সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করবেন না। বিরিয়ানির প্যাকেট আর নেবেন না, নতুন নতুন বোরখাও আর নেবেন না। দুইশ টাকা দিয়ে শফিক সাহেবের মিটিংয়ে আর আসবেন না।’

বিএনপির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।’

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ