জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে দল গোছানোর দিকে মনোযোগ দিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নেতৃত্বশূন্য হতে না চাইলে এনসিপিকে জামায়াতের সঙ্গে জোট ছাড়তেই হবে। দলটির রাজনৈতিক উত্থানের জন্য এ সিদ্ধান্ত প্রয়োজন।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন তাঁর পোস্টে এনসিপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ককে ‘সংসার’ হিসেবে উল্লেখ করে বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির এই সংসার দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয়। আজ হোক বা কাল, এনসিপিকে এই সম্পর্ক ভাঙতেই হবে। তবে স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে সংসদীয় রাজনীতিতে কিছু আসন পাওয়াকেই দলটি প্রধান লক্ষ্য মনে করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে দুই দলের মধ্যে কখনো ক্ষোভ-অভিমান, আবার কখনো আপস-মীমাংসার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে।
এনসিপি থেকে পদত্যাগ করা নারী নেত্রীদের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা ও তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব দলটি ছেড়েছেন। তাঁর দাবি, জামায়াতের মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করেন—এমন নারীরাও এনসিপিতে কোণঠাসা হয়ে পড়ছেন।
তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। নির্বাচনের পরও অনেক নেতা দল ছেড়েছেন এবং পদত্যাগের এ ধারা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, এনসিপি যদি স্বতন্ত্র চিন্তার নেতৃত্ব ধরে রাখতে চায়, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজস্ব সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে। তাঁর মতে, জামায়াতের ছায়ায় থাকলে এনসিপির মতো নতুন রাজনৈতিক দল নিজস্ব পরিচয় ও বিকাশের সুযোগ হারাতে পারে।
পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, জামায়াতের নেতৃত্বাধীন জোটে থেকে এনসিপি কীভাবে রাজনীতিবিমুখ তরুণদের রাজনীতির প্রতি আগ্রহী করবে? এ সময় জামায়াতের কয়েকজন নেতার নাম উল্লেখ করে দলটির রাজনৈতিক অর্জন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।