🏠︎ » বাংলাদেশ » অপরাধ » মিরপুরে স্কুল ও পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি বক্তব্য

মিরপুরে স্কুল ও পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের ভবন ও মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে সরিয়ে নতুন কমিটি গঠন, মার্কেটের দোকানভাড়া আত্মসাৎ এবং সাবেক সদস্যদের হুমকি-হয়রানি করার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্যরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তার। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৮৮ সালে গণপূর্ত অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া ১৬ কাঠা জমিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহযোগিতায় দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন মিরপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত। প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে শিক্ষাদান এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে তার মৃত্যুর পর স্ত্রী রুনু আক্তারকে সভাপতি করা হয়।

আনোয়ারা খাতুন অভিযোগ করেন, ২০২৪ সালের ২৩ আগস্ট বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে বেলা ১১টার দিকে একদল ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে নিরাপত্তাকর্মীকে মারধর করে তারা ভেতরে প্রবেশ করেন। নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর ও গালাগাল করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

তার দাবি, ওই ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ অভিযোগকারীদের দাবি, তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্য ছিলেন না। নতুন কমিটিতে কয়েকজনকে তাদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রুনু আক্তার বলেন, বিদ্যালয় ভবনের সঙ্গে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ভাড়া থেকে পাওয়া অর্থ দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো। কিন্তু প্রতিষ্ঠান দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া আদায় করা হচ্ছে এবং সেই অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার, সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ভবনের ছাদে আড্ডা ও মাদক সেবনের অভিযোগও তোলেন। বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

রুনু আক্তার আরও বলেন, এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিষ্ঠানের অর্থের হিসাবও প্রকাশ করা হচ্ছে না। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি আগের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও সেখানে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তারা সহযোগিতা পাননি। এ বিষয়ে জানতে চাইলে থানা-পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রুনু আক্তারসহ অন্য সদস্যরা যোগাযোগ করলে তারা দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন দখলের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই। যেহেতু এ বিষয়ে অবগত নই এবং জড়িতদের চিনতে পারছি না, তাই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি বলেন, ‘সংবাদ সম্মেলনে করা অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার স্বামী কামাল হোসেন বরকত। ওয়ারিশ সূত্রে তিনি প্রতিষ্ঠানটির সভাপতি হয়েছেন। ওয়ারিশ হলে স্থায়ী সদস্য হওয়ার প্রয়োজন হয় না।’

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যের মধ্যে আনোয়ার হোসেন, লিয়াকত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবাল হোসেন ও সিদ্দিকুর রহমান সবুজসহ মোট ৩৮ জন উপস্থিত ছিলেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ