নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া- পুর্ব মোক্তারকুল দরগাহ পাড়ায় বাকখালী নদী থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যান্ত্রিক ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা বেদারুল আলমের নেতৃত্বে নদী থেকে অবৈধভাবে চারটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে নদীর তীর ভাঙনের আশঙ্কা বাড়ায় নদীর পাশে বসবাসরত শত শত পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।
অভিযোগ রয়েছে, ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশ থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আগামীতে নদীভাঙন আরও তীব্র হতে পারে। এতে তীরবর্তী এলাকার বহু পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে ড্রেজার মেশিন ব্যবহার করে নিয়মিত বালু উত্তোলন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা বেদারুল আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।