রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, থোয়াইংগাকাটা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতির জন্য বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মো. শাহজাহান (৩৬) নামে এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি দেশীয় ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আরও জানান, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।