🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

আব্দুল মালেক || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক ||

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার চরহোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তারাকান্দা উপজেলার তালদিঘি গ্রামের মোস্তফার ছেলে মোহাম্মদ ইয়াসিন (১ মাস কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা), চরহোসেনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ফয়সাল মিয়া (১ মাস কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা), কাকনহাটি গ্রামের আক্তার হোসেনের ছেলে মনির (২ মাস কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা), চরহোসেনপুর গ্রামের ফাইজুলের ছেলে মো. শাকিল (২ মাস কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা) এবং চরশিহারী গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মাহবুবুর রহমান (৩ মাস কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা)। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।

মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ