🏠︎ » বাংলাদেশ » অপরাধ » আদাবরে বাড়ি দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ ২

আদাবরে বাড়ি দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ ২

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন রাজিব হাওলাদার (৩০) ও সাগর ওরফে ছোট বিগার (২৪)। তাদের পায়ে গুলি লাগে। পরে দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন শাকিব (২৩) ও রাশেদ (২৪)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় মামলা হয়। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এডিসি জুয়েল রানা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের শটগান থেকে দুটি গুলি ছোড়া হয়। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার পায়ে গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে রাজিব, সাগর, শাকিব ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে স্টিলের চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ