রাজধানীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানজটের কারণে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে তার নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ে। তাই নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে ড. আবদুল মঈন খান বলেন, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, খাল খনন, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ সিটি করপোরেশনের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।