🏠︎ » জাতীয় » মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা চলছে: রিজভী

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা চলছে: রিজভী

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। তাদের মুক্তিযুদ্ধে বীরত্বের ইতিহাস নেই, বরং সহযোগিতার ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশি’ পরিচয় ও স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের অবস্থান মুক্তিযুদ্ধের অর্জনের সঙ্গে যুক্ত। দেশের স্বাধীনতা রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, দলটি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছে। অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের উল্লেখ করে তিনি দলটির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

জামায়াতের আমিরের বাসভবনে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কিছু বিষয়কে আড়াল করা হয়েছে। তার মতে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এ ধরনের বিভাজনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠনের প্রতীক আঁকার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রিজভীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মধ্যেও রয়েছে। সেই চেতনা থেকেই তরুণরা ২০২৪ সালের আন্দোলনে অংশ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠন দুটির নেতাকর্মীরা রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

কর্মসূচিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জাহেদুল হক শামীম ও সহসভাপতি ড. কে এম আই মন্টিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ