🏠︎ » জাতীয় » নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা এবং হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ ও কনটেইনার চলাচলের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালির উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশি জাহাজ ও কনটেইনারের নিরাপদ চলাচলে ইরানের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে পৌঁছানোর পর প্রথম দিনেই তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক হয়।

এদিকে একই দিনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করেন পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ