🏠︎ » চিকিৎসা » সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট :

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। মৃত শিশুরা হলো—সামিহা (৩ বছর ৬ মাস), পরশ (১৮ মাস) ও ইলমা (৭ মাস)। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জে এবং একজনের বাড়ি মৌলভীবাজারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। মৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং ১৬৫ জন শিশু। জেলাভিত্তিক হিসাবে সিলেটে সর্বোচ্চ ৬৭ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন। অন্য রোগীরা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৯৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১ হাজার ৪৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন।

হামের বিস্তার ঠেকাতে শিশুদের যথাসময়ে টিকা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ