🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট ঘিরে বিতর্কের জেরে চট্টগ্রামে অনুষ্ঠেয় ফ্যাশন অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদ, অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ আয়োজনের কথা রয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক ঘটনার আগেই পরীমনির অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার আহ্বান জানান। অন্যথায় আয়োজকদের বিকল্প অতিথি নির্বাচন করার পরামর্শ দেন তিনি। পরবর্তী সময়ে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সংশ্লিষ্ট সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও পরীমনির একটি পোস্ট নিয়ে সমালোচনা তৈরি হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট না হলেও অল্প সময়ের মধ্যে এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তবে মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি মন্তব্য করতে পারেননি।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।

এর আগেও আদালতকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় আলোচনায় এসেছেন এই চিত্রনায়িকা। ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজন ভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে প্রদর্শন করেছিলেন তিনি। একই সময় ক্যামেরার সামনে তার অঙ্গভঙ্গি নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এ ছাড়া রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সংবাদমাধ্যমে উঠে এসেছিল।

সব মিলিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে চট্টগ্রামের ফ্যাশন আয়োজন থেকে অতিথি হিসেবে বাদ পড়লেন পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদ ও বয়কটের ঘোষণার পর আয়োজকদের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ