🏠︎ » অর্থনীতি » বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বাংলাদেশের বিভিন্ন খাতে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর এ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক যোগাযোগ ও অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ