ময়মনসিংহ অফিস:
ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। । কর্মসূচিতে অংশ নেওয়া কয়েক হাজার মানুষ সরকারের গেজেট অনুযায়ী দ্রুত উপজেলা সদর দপ্তর নির্মাণের দাবি জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া-সংলগ্ন নয়াবাড়ি মৌজায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। । এতে দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার ঘোষিত উপজেলা বাস্তবায়ন কার্যক্রম পেছানোর যেকোনো ষড়যন্ত্র গণমানুষের আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হবে। গুটিকয়েক মানুষের ভুল তৎপরতার কারণে দক্ষিণ গফরগাঁওয়ের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হোক, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না। গেজেটভুক্ত জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে।
আয়োজকদের দাবি, ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে ওই গোষ্ঠী হাইকোর্টের দ্বারস্থও হয়েছে। এতে সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও উন্নয়ন কার্যক্রমের গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।।
মানববন্ধনে বক্তারা আরও দাবি জানান, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা নামকরণের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, দাবি মোদের একটাই, গেজেটভুক্ত জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতে উপজেলা চাই, গেজেটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না, সরকার নির্ধারিত স্থানেই উপজেলা গড়তে হবে, গেজেট যেখানে, উপজেলা সেখানেই এবং দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত করা চলবে না
এদিকে বৃহস্পতিবার সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সদর দপ্তরের স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। পরিদর্শনকালে তারা স্থানীয় জনগণের মতামত গ্রহণ করেন এবং দ্রুত উপজেলা স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন বলে আয়োজকরা দাবি করেন।
এ বছর ১জুলাই ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা ঘোষণা করা হয়। আর ৮ জুলাই নয়াপাড়া মৌজা উল্লেখ করে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়।