🏠︎ » সর্বশেষ » কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের চারজনের মৃত্যু

কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শামসুন্নাহার বেগম (৫০) নামে ওই নারীর মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুন্নাহার বেগম। বিস্ফোরণে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। দগ্ধদের মধ্যে একমাত্র আব্দুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ১৯ নভেম্বর কলাবাগানের কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের মোট পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে একটি পরিবারের সদস্য ছিলেন দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার। অন্য পরিবারের সদস্য ছিলেন শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার। তারা ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ