নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরীতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। বাসা-বাড়িতে দিন-রাত সমানতালে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশকনিধনে ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহার করা হলেও কমছে না মশার উৎপাত। এ পরিস্থিতিতে মশার যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে মশারি নিয়ে ব্যতিক্রমী মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সংগঠনটির উদ্যোগে ‘মশারি মিছিল’ বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সড়কে মশারি টানিয়ে নগর ভবনের দিকে এগিয়ে যান। পরে নগর ভবনের সামনে গিয়ে তারা সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন মশা নিধনে ওষুধ ছিটানো এবং ফগার মেশিন ব্যবহার করলেও নগরবাসী মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হচ্ছে। মশার কামড় থেকে বাঁচতে নগরবাসীকে দিন-রাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, মশকনিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নগরবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছে।
সমাবেশ থেকে মশকনিধনে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে এক মাসের সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।