🏠︎ » চিকিৎসা » ব্রাহ্মণবাড়িয়ায় হামজা ল্যাবরেটরীজের নকল কাশির ওষুধ জব্দ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় হামজা ল্যাবরেটরীজের নকল কাশির ওষুধ জব্দ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় হামজা ল্যাবরেটরীজের নাম ও পরিচয় ব্যবহার করে উৎপাদিত নকল কাশির ওষুধসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক সেলস ম্যানেজার শাহাবুদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরকার বাদী হয়ে মামলা করেছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকার একটি জুস কারখানায় উৎপাদিত হামজা ল্যাবরেটরীজের নামযুক্ত নকল ওষুধ পরিবহনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালানো হয়। এ সময় কফকুল ১০০ মিলিলিটার ও এইচপি তুলসী ১০০ মিলিলিটার নামের দুটি কাশির ওষুধের মোট ৪৪ মাস্টার কার্টনসহ একটি পিকআপ আটক করা হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ইন্সপেক্টর বেলাল হোসেন, এসআই জহির এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন কর্মী অংশ নেন। পরে জব্দ করা ওষুধ ও পিকআপটি ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় শাহাবুদ্দিন খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পরিবর্তে সরাসরি হাজতে পাঠানো হয়েছে বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

এদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় ঢাকার ওই জুস কারখানায় অভিযান চালানো হয়। সেখানে হামজা ল্যাবরেটরীজের ওষুধের নাম ও পরিচয়সংবলিত বিভিন্ন লেবেল, কার্টন ও বোতল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ড্রাগ সুপার ইকবাল হোসেন ছুটিতে থাকায় অভিযানের সময় উপস্থিত ছিলেন না। তবে তিনি সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করেন বলে জানা গেছে।

এত বড় অভিযান সফল হওয়ায় হামজা ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জানে আলম চৌধুরী ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন, পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম, পরিচালক (এডমিন), তানভীর আহমেদ(উপপরিচালক) , ওষুধ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ