🏠︎ » জাতীয় » ইশরাকের পদত্যাগ কার্যকর, সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ

ইশরাকের পদত্যাগ কার্যকর, সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

ইশরাকের পদত্যাগের পেছনে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার উপস্থিতি ঘিরে তৈরি হওয়া বিতর্কের বিষয়টি সামনে এসেছে। গত শনিবার (১৭ অক্টোবর) ওই এলাকায় অভিযানের সময় তার অস্ত্র হাতে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

ঘটনার পরদিন রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইশরাকের আলোচনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। তবে সোমবারের সংবাদ সম্মেলনে ইশরাক তার পদত্যাগকে স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, মাদক নির্মূল করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। কিন্তু অভিযানকে ঘিরে বিতর্কের কারণে সরকারের কর্মকাণ্ড আড়ালে চলে যাচ্ছে এবং দল বিব্রত হচ্ছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

তিনি আরও জানান, প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পদত্যাগের প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে মন্ত্রিসভায় তার দায়িত্বের আনুষ্ঠানিক অবসান ঘটল।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান। ইশরাকের পদত্যাগ কার্যকর হওয়ায় মন্ত্রণালয়টিতে প্রতিমন্ত্রীর পদ শূন্য হয়েছে। এ পদত্যাগের ফলে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ জনে। অন্যদিকে মন্ত্রীর সংখ্যা রয়েছে ২৬ জন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ