🏠︎ » প্রবাস » ‘পাপের লাশ চাই না’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন এমপি রতন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’ মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন। নিজের বক্তব্য প্রত্যাহার করে তিনি নিহতদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

পোস্টে কামরুজ্জামান রতন জানান, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আবেগের বশে মন্তব্যটি করেছিলেন। বিষয়টি সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এমন কথা বলা তাঁর ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।

নিজের বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়ে সংসদ সদস্য বলেন, তাঁর মন্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিরা যে কষ্ট ও আঘাত পেয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে আলোচনার সময় ‘পাপের লাশ চাই না’ মন্তব্যটি করেছিলেন কামরুজ্জামান রতন। পরে এ বক্তব্যের জন্য তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ