🏠︎ » রাজনীতি » মোদিকে ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ বললেন অভিজিৎ দিপকে

মোদিকে ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ বললেন অভিজিৎ দিপকে

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’ তার এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে শনিবার মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে একটি উড়োজাহাজ থেকে অভিজিৎ দিপকেকে আটক করে দিল্লি পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর রোববার আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। একই সঙ্গে সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। শনিবারের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তাদের সংবাদ সম্মেলন করার কথা ছিল।

সিজেপির পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছেছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়। পরে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে শর্তসাপেক্ষে তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।

যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে কর্মসূচি ঘিরে হাজার হাজার মানুষকে আটক করার কথা বলা হয়েছে।

অভিজিৎ দিপকে আটক হওয়ার পর আন্দোলনের নেতৃত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন। নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থান জানিয়েছে দলটি।

নির্বাচনী তালিকা সংশোধন এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সিজেপির এই আন্দোলন গড়ে উঠেছে। দলটির অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ