রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে যেসব অভিযোগ করেছেন, সেগুলো ঢালাওভাবে করা হয়েছে এবং এর কোনো মানে নেই।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালমান মুক্তাদিরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওই ব্যক্তি একদিকে বলেছেন তার কাছে কেউ চাঁদা চাননি এবং চাওয়া হলে তিনি দিতেন। আবার একই সময়ে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের ঢালাও অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।
নিজের দিকেও অভিযোগের ইঙ্গিত করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতার অধিকার থেকে যে কেউ তাকে উদ্দেশ করে বক্তব্য দিতে পারেন। তবে তিনি প্রশ্ন তোলেন, সালমান মুক্তাদির এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেছেন কি না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির হামলার শিকার হয়েছেন—এ বিষয়টি তারা দেখেছেন। ঘটনার বিষয়ে একটি প্রাথমিক ও সংক্ষিপ্ত তদন্ত করা হয়েছে। তবে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। তিনি জানান, এখনো কোনো মামলা হয়নি; খুব শিগগির মামলা হতে পারে।
এর আগে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায়ও দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
এ ঘটনায় শনিবার রাতে ও রোববার সকালে তিনজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। একই সময়ে পুলিশ বলেছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে হামলার ঘটনাটি পাশের জমির মালিকের সঙ্গে নিউগিনি প্রপার্টিজের জমি নিয়ে বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করেই হামলা হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।