বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউসের পোনা রয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।