🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের কাস্টমস কর্মকর্তা আবদুল আলীম (৩৬)। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামমুখী লেনের ফেনীর লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলীম মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেটের মৌলভীবাজার কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী সড়কে একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে এর পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সড়কের ডান পাশে থাকা রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবদুল আলীমকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবদুল আলীমের খালাতো ভাই আরিফ জানান, ছুটিতে সিলেট থেকে ট্রেনে করে ফেনীতে এসেছিলেন তিনি। এরপর ফেনীর মহিপাল থেকে সিডিএম পরিবহনের বাসে করে মিরসরাইয়ের বারইয়ারহাটের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরাতে দুটি রেকার ব্যবহার করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সরানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ