কর সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন এবং সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষে ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোলপুকুর পাড় ট্যাক্সেস বার এসোসিয়েশন এলাকায় এই কেন্দ্রেটির উদ্বোধন করা হয়েছে।
মোস্তফা আহাম্মদ করিম রানার সঞ্চালনায় সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন।
ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন আহবায়ক অ্যাডভোকেট মীর আফজালুর রহমান পান্নুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল।
অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরণের সেবাকেন্দ্র স্থাপনের ফলে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ করদাতারা সহজেই আয়কর ও ভ্যাট সংক্রান্ত সঠিক তথ্য এবং পরামর্শ পাবেন। এর মাধ্যমে কর সংগ্রহ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সহজতর হবে বলেও তারা আশা প্রকাশ করেন। এই সেবাকেন্দ্রের মাধ্যমে করদাতারা আয়কর রিটার্ন দাখিল, ভ্যাট রেজিস্ট্রেশন, এবং কর সংক্রান্ত অন্যান্য পরামর্শ খুব সহজেই গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার কর আইনজীবী মিয়া মোহাম্মদ রূপক মানিক, মুহাম্মদ মোজাম্মেল হক সহ স্থানীয় কর আইনজীবী গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।