দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ভোজ্যতেলের দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৯৯ টাকা। এর আগে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা।
তখন বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছিলেন।
বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে বলে সে সময় জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ যেসব পণ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল, সেসব পণ্যের উৎস পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি আমদানি ব্যয়ের ওপর পড়ে।
সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে বলে জানান তিনি।