🏠︎ » জাতীয় » এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসায় সহায়তা দেওয়ার পরিকল্পনা সরকারের

এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসায় সহায়তা দেওয়ার পরিকল্পনা সরকারের

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত শিক্ষাব্যবস্থায় যারা এগিয়ে যেতে পারবে না, তাদের ঝরে পড়া ঠেকাতে বিকল্প শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে এসব শিক্ষার্থীকে ব্যবসা বা নিজস্ব উদ্যোগ শুরু করতে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

ড. মাহদী আমিন বলেন, আগের সরকার এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে কার্যকরভাবে ভাবেনি। বর্তমান সরকার তাদের জন্য একটি বিশেষ নীতি তৈরির কাজ করছে।

তিনি জানান, এসব তরুণকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা হবে। এর মাধ্যমে তাদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়োজন হলে আর্থিক সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার ফলাফল ও মূল্যায়নের স্বচ্ছতা প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে ফলাফল ভালো দেখানোর জন্য কৃত্রিমভাবে জিপিএ-৫ বাড়ানোর প্রবণতা ছিল। এমনকি পরীক্ষা না দিয়েও পাস করিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। বর্তমান সরকার সে ধরনের ব্যবস্থা বন্ধ করেছে। এ বছর কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি এবং শিক্ষার্থীদের নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে ফলাফল দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী।

সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনে বিকল্প সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

সর্বশেষ