🏠︎ » উন্নয়ন ও জনদুর্ভোগ » ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন

৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আগুনে পুড়ে আশপাশের আরও ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, পাশাপাশি থাকা গোডাউনগুলোতে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত ছিল। ফলে আগুন দ্রুত এক গোডাউন থেকে অন্য গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরও গোডাউনগুলোতে থাকা পোড়া ঝুট ও অন্যান্য দাহ্য সামগ্রী থেকে কোথাও আগুন বা ধোঁয়া বের হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা প্রায় ১২টি ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল মজুত থাকায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের তীব্রতা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণও এখনো জানা যায়নি। বৈদ্যুতিক ত্রুটি, শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

সর্বশেষ