প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনায় অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ দপ্তরে এসে সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দ্বিপাক্ষিক আলোচনায় প্রয়োজনীয় অগ্রগতি এবং প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দুই দেশের সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।
এদিকে জ্বালানি সহযোগিতা নিয়েও মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।