🏠︎ » রাজনীতি » নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নয় মাস পর প্রথমবারের মতো তার বোন ও স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। বর্তমানে তিনি আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, তার বোন নওরীন নিয়াজি চলতি বছর প্রথমবারের মতো ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ১৫ মিনিটের ওই সাক্ষাৎ কারাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেখানে তারা ইমরানের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন বলে কারা সূত্র জানিয়েছে।

নওরীন ইমরানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশনার কথাও জানান বলে জানা গেছে।

তবে সাক্ষাৎ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছিল, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই সাক্ষাৎ ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া পারিবারিক সাক্ষাতের সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

ইমরানের অন্য বোন আলীমা খান ও উজমা খান এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে পিটিআইয়ের রাজনৈতিক নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

কারা সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে তার সাক্ষাৎ প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। আদিয়ালা কারাগারে বন্দি বুশরা বিবির সঙ্গে তাদের সন্তান মুসা ও মুবাশারা মানেকা এবং ননদ মেহেরুন্নিসাও সাক্ষাৎ করেন।

এর আগে সুপ্রিম কোর্ট সরকারকে ইমরান খানকে দুই দিনের মধ্যে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ