🏠︎ » বিশ্ব » কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত মধ্যরাতে নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের তিনতলা হোটেল শিখা ইনে আগুন লাগে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগুন লাগার পর হোটেলের কক্ষগুলো দ্রুত ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত আবাসিকরা বের হওয়ার চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। রাত ২টা ৭ মিনিটে দমকল বাহিনী অগ্নিকাণ্ডের খবর পায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি নিউমার্কেট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হোটেলটি সরু গলির ভেতরে হওয়ায় দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালান।

আগুন লাগার সময় অধিকাংশ আবাসিক ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের দাবি, বাইরে থেকে আগুনের শিখা সহজে দেখা যাচ্ছিল না। পরে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করেন অতিথিরা। তবে হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় উদ্ধারকাজে সমস্যা তৈরি হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহতরা ওই হোটেলে অবস্থান করছিলেন এবং চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন।

এদিকে, কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলেও ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৭ আগস্ট ভোররাতে হোটেল বিদেশিনীতে আগুন লেগে অন্তত আটজন নিহত ও আরও অনেকে আহত হন।

আরও পড়ুন

সর্বশেষ