দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত হলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক দলীয় বৈঠক ও রাজনৈতিক তৎপরতায় মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি সামনে এসেছে।
তবে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়। অনেকে তাঁকে শুভেচ্ছা জানালেও সম্ভাব্য মনোনয়ন নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের উদ্দেশে তিনি শুধু বলেন, ‘আগে হোক, তারপর।’
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলই এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রের দাবি।
মনোনয়ন নিয়ে যা বলছেন মির্জা ফখরুল
সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল এখনো সরাসরি কোনো ঘোষণা দেননি। মঙ্গলবার তিনি বলেন, ১৩ আগস্টের পর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী সম্পর্কে বিষয়টি পরিষ্কার হবে। প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলেও জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
ভোটগ্রহণ হবে আগামী ২০ আগস্ট। ওই দিন জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হলে তাঁর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।